• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পিআর ইস্যুর মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে: রফিকুল ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৮

পিআর ইস্যুর মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে: রফিকুল ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পিআর পদ্ধতি দাবি তুলে ইস্যু তৈরির করার মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সোসাইটি অব বাংলাদেশী ফার্মাসিস্ট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বাংলাদেশের মানুষ নিজের স্বাস্থ্যের জন্য উপার্জনের ৭০ শতাংশ টাকা খরচ করে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে,সেই খরচটি মিসইউজ হচ্ছে।এই মিসইউজ রোগ নির্ণয় কিংবা ওষুধ সেবনের মাধ্যমে হয়ে থাকে।আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়ন কিংবা মানুষের সেবার মান উন্নয়নের কথা বলেও এই বিষয়টিকে কখনো ভেবে দেখি না।

প্রধান অতিথি বলেন,যারা ফার্মেসিতে কাজ করে,তাদের বেশিরভাগই তিন থেকে চার মাসের ট্রেনিং নিয়ে থাকেন। ঔষধ বিক্রয়ের সময় তারা প্রেসক্রিপশন ছাড়া এন্টোবায়োটিক দিয়ে থাকেন। এর ফলে কিন্তু রোগীদের এন্টিবায়োটিক রেসিস্টেন্ট কমতে থাকে,পাশাপাশি খরচও বাড়তে থাকে। এসব ফার্মাসিস্টদের সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা,সে বিষয়টি ভেবে দেখতে হবে।

তিনি আরো বলেন, জুলাইতে যারা আহত হয়েছে, তাদের সঠিক পরিসংখ্যান এখনো নেই। অনেকে সঠিক চিকিৎসাও পাচ্ছে না,যাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন ছিল তারাও সেটা পাচ্ছে না।

রফিকুল ইসলাম বলেন, আমরা যারা এক সময়ে একসাথে সমমনা ছিলাম,ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তারা এখন নতুন নতুন ইস্যু তৈরি করছে। আর এসব ইস্যু তৈরি করার মাধ্যমে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাচ্ছে। যে নির্বাচনটি নিয়ে সরকার এগোতে চাচ্ছে, সেই নির্বাচনটিকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য উঠেপড়ে লেগেছে। এদের ব্যাকআপ কারা? এটি কিন্তু আমাদের ভেবে দেখতে হবে।

তিনি আরো বলেন, তারা একটি নতুন ইস্যু তৈরি করেছেন, সেটি হল পিআর ইস্যু। পিআর পদ্ধতি যে উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য নয়, তারা এ বিষয়টি একবারও ভেবে দেখেন না। তারাও জানেন যে এটি আমাদের দেশের জন্য উপযুক্ত নয়। তারা মূলত এই দেশের নির্বাচনকে বানচাল করতে চায়,পার্শ্ববর্তী দেশের এজেন্ডাকে তারা বাস্তবায়ন করতে চায়। এসব করলে দেশের গণতন্ত্রকে টেকসই করা সম্ভব নয়। গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের ভাষা বুঝতে হবে। সুতরাং তাদের অনুরোধ করবো,পিআর পদ্ধতির বিষয়টি পুন:বিবেচনা করে দেখুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউ’র বেসিক এন্ড প্যারা ক্লিনিক্যাল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডাঃ সাইফ উল্লাহ মুন্সী, ২৪ এর আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিপার্টমেন্টের প্রফেসর ড. সোহেল রানা প্রমুখ।‌