• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব: তথ্য উপদেষ্টা

প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ২:২৮
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ২:২৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করছে। পরবর্তী সময়ে যে সরকার আসবে তারাও হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি পূরণে সচেষ্ট থাকবে।’

বুধবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবে এসব কথা বলেন উপদেষ্টা।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য আমাদের ইতিহাসের অংশ। দেশের ইতিহাস হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে লড়াইয়ের ইতিহাস।’ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু ঐতিহ্যের বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা।

মাহফুজ আলম বলেন, ‘গতবারের তুলনায় এবারের দুর্গাপূজা বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। দুর্গাপূজাকে উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।’ দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সহায়তা করার জন্য সনাতন ধর্মাবলম্বীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানে তৎকালীন শেখ হাসিনা সরকারের নৃশংস ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘ওই সময় সরকারপ্রধানের নির্দেশ অনুযায়ী হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে।’

জুলাই গণ-অভ্যুত্থানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা নিহত হয়েছেন, উপদেষ্টা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণে সব সম্প্রদায়ের মানুষের সহযোগিতা কামনা করেন।

জগন্নাথ হলের শারদীয় দুর্গোৎসবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তাসনিম সিদ্দিকীসহ দুর্গোৎসব উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর তথ্য উপদেষ্টা ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। সূত্র: বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম