• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:২৩
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:২৩

সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে নির্মূলের পাশাপাশি মাদক কারবারের অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং (সীমান্ত বেড়া) নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে মাদক নির্মূলে শুধু সরবরাহ বন্ধ নয়, বরং মাদক উৎপাদন ও পাচারের মূল উৎস চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধের মাধ্যমে অর্জিত অর্থের লেনদেন ও প্রবাহ তদন্তের সুপারিশ করেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

বৈঠকে সংসদের হুইপ রকিবুল ইসলাম সীমান্তে উন্নত প্রযুক্তির ব্যবহার ও ড্রোন নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদক নিয়ন্ত্রণে সামাজিক বিপ্লব প্রয়োজন। এটি কোনো একক মন্ত্রণালয় বা বাহিনীর দায়িত্ব নয়, বরং সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে মাদকসংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত ও রুট চিহ্নিত করে বিজিবি, কোস্টগার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান ও প্রতিরোধ কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে কমিটির সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম