জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে মোরটসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা এই শোভাযাত্রার আয়োজন করে।
মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের বটতলা চত্বরে গিয়ে শেষ হয়।
পথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম।
এ ছাড়াও ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার, মাহাবুর আলম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শোভাযাত্রা ও পথসভায় ইসলামপুর উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ‘জনগণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফ্যাসিবাদী সংগঠনের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন প্রতিহত করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লা, ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের পাহারায় থাকতে হবে। ফ্যাসিবাদীদের কোনোভাবেই রাস্তায় নামতে দেওয়া হবে না।’

