বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে শুনানি শেষে তাকে ২০০ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।
পুলিশ দুপুরে হিরো আলমকে আদালতে হাজির করেন। তার আইনজীবীরা জামিন আবেদন করলে, বাদীপক্ষের আপত্তি সত্ত্বেও আদালত আবেদন মঞ্জুর করেন। মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে বিরোধের কারণে ২১ জুন হাতিরঝিল এলাকায় একটি বাসায় রিয়া মনি ও তার পরিবারকে গালিগালাজ ও মারধর করা হয়। পরে তাদের বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে আঘাত করা হয়। এ সময় রিয়া মনির শরীরে জখম হয় এবং তার গলা থেকে দেড় ভরি স্বর্ণের চেইন চুরি করা হয়।













