জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বেই বেগম খালেদা জিয়া সম্মানিত। প্রতিটি দেশের সরকার তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছে, বিবৃতি দিচ্ছে এবং চিকিৎসক পাঠাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার যেভাবে তাকে সম্মান দিয়েছে তাতে তারা অভিভূত। সরকার দায়িত্ব নিয়ে তাকে যে মর্যাদায় আসীন করেছে, এজন্য প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় ধানের শীষে ভোট চেয়ে আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী।
এ্যানি বলেন, ভোটের জন্য ঘরে ঘরে যেতে দল সিদ্ধান্ত দিয়েছে। এবারের নির্বাচন আগের মতো নয়, এটি একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন। একটি দল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে, এটি একটি গভীর ষড়যন্ত্র এবং নীল নকশা। উদ্দেশ্য চুরি করার একটি প্রক্রিয়ায় ব্যস্ত থাকা। ধানের শীষের সঙ্গে ভোটের ফারাক এলাকায় হাঁটলেই বোঝা যায়। কিন্তু তারা মা-বোনদের মিথ্যা প্রলোভন দেখিয়ে আইডি কার্ড নিচ্ছে। এটি গভীর ষড়যন্ত্র।
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারা এই আইডি কার্ড ও ফটোকপি নিচ্ছে তা তদন্ত করে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।













