• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যেসব সুবিধা রয়েছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ২:৫১
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ২:৫১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতারের রাজধানী দোহা এবং সেখান থেকে লন্ডন যাবেন তিনি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় এসে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।

এবারও কাতারের আমিরের দেওয়া রয়েল অ্যাম্বুলেন্সেই লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। এর আগে গত ৭ জানুয়ারি একই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া।

তবে প্রতিবার এয়ারবাস এ-৩১৯ এয়ার অ্যাম্বুলেন্স কেন? জানলে আপনিও অবাক হবেন। এই এয়ার অ্যাম্বুলেন্স হলো দ্রুতগামী এয়ারবাস এ-৩১৯ এয়ার অ্যাম্বুলেন্স। এটিকে একটি ভাসমান হাসপাতালও বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা-সুবিধা।

এয়ারবাস এ-৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে জানতে চাইলে অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম গণমাধ্যমে বলেন, এই বিমানটি যে কোনো জরুরি অবস্থাতে সর্বাধুনিক চিকিৎসা দেওয়ার মতো প্রযুক্তিতে সজ্জিত যা ট্রানজিটের সময় রোগীর নিরবচ্ছিন্ন যত্ন নিশ্চিত করে।’

কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে-

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি। খালেদা জিয়াকে বহনের জন্য তিনি যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাচ্ছেন, সেটি এয়ারবাস এ-৩১৯ মডেলের উড়োজাহাজ। ফ্রান্সের এয়ারবাস কোম্পানির তৈরি এই অত্যাধুনিক উড়োজাহাজ জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসাসেবা দিতে সক্ষম। এটি বেশ দ্রুতগতির উড়োজাহাজ। স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জামের জন্য এটি অনন্য। এককথায় কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সকে বলা যেতে পারে একটি উড়ন্ত হাসপাতাল। এতে রয়েছে আধুনিক সব ধরনের চিকিৎসা সুবিধা।

আধুনিক চিকিৎসা সরঞ্জাম

কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে: ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ।

আইসিইউ সুবিধা

বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ নিবিড় পরিচর্যা কেন্দ্রও (আইসিইউ) রয়েছে। রোগীর অবস্থার অবনতি হলে অবস্থা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা মিলবে এ উড়োজাহাজে।

চিকিৎসক ও নার্স

এ বিশেষ উড়োজাহাজে রোগীকে দেখভালের জন্য সার্বক্ষণিক অত্যন্ত দক্ষ চিকিৎসক ও নার্স রয়েছেন।

স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ

রোগীর স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের জন্য এ উড়োজাহাজ সেভাবেই নকশা করা হয়। রোগী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য আলাদা স্থান রয়েছে এতে।

স্বয়ংসম্পূর্ণ

বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স দীর্ঘ যাত্রার (ফ্লাইটের) ক্ষেত্রেও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করতে সক্ষম।

কাতার এয়ারওয়েজ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত একটি বিমান পরিষেবা সংস্থা। দোহাভিত্তিক এই সংস্থার একটি প্রাইভেট চার্টার বিভাগ রয়েছে, যার নাম ‘কাতার এক্সিকিউটিভ’। শুধু কাতারের ভিআইপিদের সেবা দেয় এয়ারলাইনের এই শাখা।

বেসরকারি বিমান সংস্থার তথ্য–উপাত্ত সংগ্রহকারী সংস্থা প্লেনস্পটারস–এর তথ্য অনুযায়ী, ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার ২০টি কাস্টমাইজড প্রাইভেট জেট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় এবং বিলাসবহুলটি হলো, ৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে কেনা এয়ারবাস এসিজে ৩১৯। এই উড়োজাহাজের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের বাণিজ্যিক উড়োজাহাজ এ৩১৯–এর ব্যবসায়িক সংস্করণ এটি। এ সি জে–এর পূর্ণ রূপ হলো— এয়ারবাস করপোরেট জেটস।

কাতার এক্সিকিউটিভের এই উড়োজাহাজের দুটি সংস্করণ রয়েছে—একটি ভিআইপি এবং আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স। এই এয়ার অ্যাম্বুলেন্সে দুটি মেডিকেল স্টেশন রয়েছে।

এসিজে ৩১৯ উড়োজাহাজটি একটানা প্রায় ১১ হাজার ২৬৫ কিলোমিটার উড়তে সক্ষম। এ অর্থ হলো, এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ব্রাজিলের রিও ডি জেনিরো, ফ্রান্সের প্যারিস থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং চীনের সাংহাই থেকে অস্ট্রেলিয়ার সিডনির মতো শহরগুলোতে কোনো ধরনের ট্রানজিট না নিয়ে সরাসরি যাতায়াত করতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম