জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত কী, তা জানতেই আমরা বৈঠকে এসেছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও কথা বলা হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে। সিসিটিভি ব্যবহারের বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি। তারা বিশাল ব্যয়ের কথা বলেছেন, তবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য টাকার অঙ্ক গুরুত্বপূর্ণ নয়।
তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল ঘোষণার পর এসব বিষয় কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়েও ইসির সঙ্গে আলোচনা হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার জন্য এখনো সমান সুযোগ নিশ্চিত হয়নি। আমরা প্রশাসনের কিছু সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেছি। এভাবে চললে নির্বাচন সুষ্ঠু হবে না। কোনো কর্মকর্তা নগ্নভাবে অনিয়ম করলে আমরা তা তুলে ধরব। তারা জানিয়েছে, ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, আমাদের দলের মালিকানায় কোনো ব্যাংক নেই। কমিশন জানিয়েছে, তারা কোনো পক্ষপাতিত্বমূলক নিয়োগ দেবে না।
ভোট নিয়ে কোনো আশঙ্কা অনুভব করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা যে আশ্বাস দিয়েছেন, আমরা তাদের ওপর আস্থা রাখতে চাই।
তিনি আরও বলেন, তফসিল নিশ্চিত হওয়ার বিষয়টি জানতে এসেছিলাম। কমিশনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। সিসিটিভি স্থাপনের দাবি জানিয়েছি। দাতাদের কাছ থেকেও সহায়তার অনুরোধ করা হয়েছে।
শেষে তিনি বলেন, আমরা আশাবাদী থাকতে চাই। জাতির আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু নির্বাচন। নির্বাচন কমিশন জাতির অংশ এবং তারা শপথ অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলেই আমরা বিশ্বাস করি।

