• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

স্বাধীনতাবিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৯
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৯

স্বাধীনতাবিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বাধীনতাবিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘যারা স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারা আজ মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে।’

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মহান বিজয় দিবস উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্যসহ সহস্রাধিক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, একাত্তরের ১৬ ডিসেম্বর সেই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এখানে শপথ নিয়েছেন, এ দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার যে সংগ্রাম চলছে তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘আজকের এই দিনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা মহান মুক্তিযুদ্ধে যারা শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। শ্রদ্ধা জানাচ্ছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি। আল্লাহর কাছে প্রার্থনা করছেন, এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য।’

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন। তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করে, সে জন্য তারা কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এরপর মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ যুবদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com