জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহিত
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার আগেই তার তিন দিনের কর্মসূচির ঘোষণা করে বিএনপি।
আজ (২৭ ডিসেম্বর) ছিল সেই ঘোষিত কর্মসূচির তৃতীয় দিন। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। সেখান থেকে আগারগাও নির্বাচন অফিসে যান বিএনপির এই নেতা। সেখানে নিজের এনআইডির জন্য ছবি তোলাসহ যাবতীয় কাজ সম্পন্ন করেন।
নির্বাচন অফিস থেকে বনানী কবরস্থানে এসে নিজের ছোটভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী এবং ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন তিনি।
এরপর বিকালে ধানমন্ডিতে শ্বশুর বাড়িতে যান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে গুলশানের নিজ বাসভবনে ফেরেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির এই নেতা। পরবর্তীতে রাজধানীর পুর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেয়া হয়। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি।



















