জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই। তিনি বলেন, এই পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব কি না, সে সিদ্ধান্ত নতুন করে ভাবার সময় এসেছে।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা অর্জন করা প্রয়োজন ছিল, নির্বাচন কমিশন তা হারিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে যদি নির্বাচন কার্যক্রম এগোয়, তাহলে দেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কমিশনের পক্ষে সম্ভব হবে না।
তিনি অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তি, ঋণখেলাপি এবং ঋণখেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে ‘নাটক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আপিল শুনানির শেষ দিনের মতো গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচন কমিশনে যাওয়ার পথে ছাত্রদলের দুই তিন হাজার নেতাকর্মী ভিড় করে এক ধরনের চাপ সৃষ্টি করেছে।
আসিফ মাহমুদ আরও বলেন, রায় ঘোষণার ঠিক আগমুহূর্তে যদি কোনো বিচারক অভিযুক্ত বা তাদের পক্ষের লোকজনের সঙ্গে আলোচনা করেন, তাহলে সেই রায় কখনোই নিরপেক্ষ হতে পারে না। তিনি দাবি করেন, কমিশনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে ১৫ মিনিট কথা বলার কথা থাকলেও বিএনপির একদল নেতার সঙ্গে দেড় ঘণ্টা আলোচনা করেছেন, যা দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশনের সদস্যরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে রায় দিয়েছেন। এর মধ্য দিয়েই রায়ের একপাক্ষিকতার প্রতিফলন স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।












