পঞ্চগড় প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়-১ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জোটের নেতাকর্মী ও সমর্থকরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টানানো হলেও সেগুলো অপসারণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বরং ১১ দলীয় জোটের প্রার্থীর শাপলা কলি প্রতীকের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। এতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি তাদের। একই সঙ্গে দ্রুত বিএনপি প্রার্থীর অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে একই দাবিতে কর্মসূচি পালন করেন তারা।
এদিকে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন বিষয়গুলো জানানোর জন্য জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের অফিসে গেছেন বলে জানা গেছে।












