হবিগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী জিকে গউছ বলেছেন, ভোট না দিতে দিতে মানুষের অন্তরে ঘৃণা জন্মেছিল। মানুষের মনে ভোট সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়েছিল। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এবারের নির্বাচনে আমরা যেন সবাই চোখ কান খোলা রাখি। ইনশাআল্লাহ, পরবর্তী ৫ বছর আল্লাহ আমাদের হেফাজত করবেন। আমরা নিরাপদে থাকব ইনশাআল্লাহ। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান মুক্ত হয়েছিল কারো দয়ায় বা করুণায় নয়।
রোববার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামে নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
এ সময় আরও বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল ও অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল।
জিকে গউছ বলেন, পলাতক আওয়ামী লীগের দোষর যারা ছিল তারাই মেয়েদের দেখিয়ে দেখিয়ে ইজ্জত লুণ্ঠন করেছিল। আজ তারা বলছে, বাংলাদেশ নামক স্বাধীন দেশে তাদের শখ জেগেছে ভোট করে তারা ক্ষমতায় যাবে।
তিনি বলেন, বিএনপি শুধু মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল নয়, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তিনি যুদ্ধে বীরত্বের কারণে রাষ্ট্র তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেছে। তিনি সেক্টর কমান্ডার ছিলেন। বাংলাদেশের সফল রাষ্ট্রপতি ছিলেন। তার গড়া দল বিএনপি।












