• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশে যে নৈরাজ্য-জুলুমতন্ত্র শুরু করেছেন, সেটা অবিলম্বে বন্ধ করুন

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৬
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৬

9608 2

সারাদেশে যে নৈরাজ্য-জুলুমতন্ত্র শুরু করেছেন, সেটা অবিলম্বে বন্ধ করুন

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
নির্বাচনের পর দেশজুড়ে নৈরাজ্য ও জুলুমতন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে তা অবিলম্বে বন্ধের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যথায় দলটিকে শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

আজ (রোববার) রাতে রাজধানীতে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে এনসিপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি। আপনারা ম্যান্ডেট দিয়েছেন। আমরা সেই ম্যান্ডেটের সম্মান অক্ষুণ্ণ রাখব। নরেন্দ্র মোদি যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, তাহলে আমাদের ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না।’

দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, ‘অত্যন্ত লজ্জার সঙ্গে আমরা দেখছি, বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম, একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন আপনি অভয় দিলে প্রশ্ন করব, না হলে করব না। আমরা অত্যন্ত লজ্জার সঙ্গে দেখছি, ঠিক যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছিল, সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারাদেশে ঘটছে।’

বক্তব্যে তিনি ১১ দলীয় জোটের নারী সমর্থকদের ওপর নির্যাতনের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘এবারের এনসিপি এবং ১১ দলীয় জোটকে আমাদের মা-বোনেরা তাদের সমর্থন দিয়েছেন। তারা আগামীর বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয়-হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশের ৪৬ শতাংশ জনগণ আপনাদেরকে ভোট দেয়নি। এই মা-বোন এবং তরুণদের বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। আপনারা যদি দমন-পীড়নের মাধ্যমে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করতে চান, তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জ্বলজ্বল করে জ্বলছে।’

নির্বাচনী মাঠের পরিস্থিতি নিয়ে অভিযোগ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে থেকে প্রশাসনসহ সবাই হেলে গিয়ে লেভেল প্লেয়িং ফিল্ডকে নষ্ট করা হয়েছে। নির্বাচনের দিন দিনের বেলায় মোটামুটি সুস্থভাবে নির্বাচন হলেও রাতের বেলা আপনারা ভোটের সংখ্যা নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করেছেন, তাতে ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সারাদেশে আমাদের অন্তত ৫০ জন প্রার্থীকে আপনারা হারিয়েছেন। তারপরও আমরা জনগণের দিকে তাকিয়ে গণতন্ত্রের দিকে হাঁটছি।’

বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আসিফ মাহমুদ বলেন, ‘অনেকে বলছে শপথ নেওয়ার পরে নাকি দেখে নেবে। তাদেরকে আমরা সতর্ক করতে চাই, আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনাদের নেতাদেরও শেখ হাসিনার মতো পরিণতি হোক– তা যদি না চান, তবে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে।’ তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে নির্বাচনের পর সংঘটিত সব হামলা, লুটপাট ও ধর্ষণের বিচার নিশ্চিত করার দাবি জানান।

পরিশেষে তিনি বলেন, ‘দেশের জনগণকে সঙ্গে নিয়ে জনকল্যাণের জন্য কাজ করবেন, জুলুমতন্ত্রের শিকার ব্যক্তিদের আশীর্বাদপুষ্ট হয়ে দেশ শাসনের স্বপ্ন দেখবেন না– এটাই আমাদের প্রত্যাশা।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com