জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে তারা এ দাবি জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি অভিযোগ করেন, নির্বাচনে বিভিন্ন উপাদান সক্রিয় ছিল, যা ভোটকে প্রশ্নবিদ্ধ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অবৈধ অস্ত্র, কালো টাকা, হুমকি-ধমকি ও জাল ভোট। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ৪০০টি পিস্তল এখনও উদ্ধার হয়নি, যা নির্বাচনে প্রভাব ফেলেছে বলে দাবি করা হয়।
ডা. হামিদুর রহমান বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিছু কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে সিল মারার অভিযোগ রয়েছে। বিষয়টি বারবার কমিশনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।’ তিনি নির্বাচন ফলাফলের তড়িঘড়ি প্রকাশের অভিযোগও করেন, যার কারণে অনেক প্রার্থী সময়মতো আনুষ্ঠানিক অভিযোগ দিতে পারেননি।
ভোটের হার নিয়ে জোটের নেতা বলেন, কিছু কেন্দ্রে ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই অস্বাভাবিক ভোট হার দেখা গেছে, আবার ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে অস্বাভাবিক হারে ভোট পড়ার তথ্য দেখা যায়। এছাড়া ঢাকা-৬ আসনে ফলাফল শিটে তাদের প্রার্থীর একজন এজেন্ট মুসলিম হলেও সেখানে হিন্দুর স্বাক্ষর থাকার অভিযোগ তোলা হয়েছে। কিছু স্থানে পেনসিল দিয়ে ফলাফল লেখা হয়েছে, যা কারচুপির প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে ১১ দলীয় জোট সংশ্লিষ্ট ৩২টি আসনে পুনঃগণনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল ডা. হামিদুর রহমান, ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা। চার নির্বাচন কমিশনার এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করবেন জোটের নেতারা।












