• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হজরত শাহজালালের মাজারে ছাদে উঠে এনসিপি নেতাদের স্লোগান, সিলেটবাসীর তীব্র প্রতিক্রিয়া

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১২:৫৬
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১২:৫৬

হজরত শাহজালালের মাজারে ছাদে উঠে এনসিপি নেতাদের স্লোগান, সিলেটবাসীর তীব্র প্রতিক্রিয়া

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বড় দলের রাজনীতিবিদরা সিলেটে এলে প্রথমে হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করে থাকেন। সরকারের মন্ত্রী-এমপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এমন চর্চা দীর্ঘদিনের। তাই বিগত দিনগুলোতে নেতাদের সঙ্গে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। কিন্তু বিএনপি-আওয়ামী লীগের মতো বড় দলের দলীয় প্রধান মাজার জিয়ারতে এলেও কাউকে মাজার প্রাঙ্গণে মিছিল করে এসে স্লোগান দিতে শোনা যায়নি। তবে গতকাল বুধবার (৪ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা মাজার এলাকায় মিছিল করে এসে রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। বিশেষ করে মাজারের নারী ইবাদতখানার ছাদে উঠে দলটির সিনিয়র নেতাসহ কর্মীদের দেওয়া স্লোগানের ভিডিও প্রকাশ পাওয়ার পর সিলেটবাসী তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

জানা যায়, এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল উপলক্ষে বুধবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিলেটে আসেন। নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তারা অংশ নেন। এরপর রাতে শাহজালালের মাজারে তারাবির নামাজ আদায় করতে যান তারা। এ সময় এনসিপির নেতা-কর্মী ও তাদের সমর্থকরা মাজারে ভিড় করেন। একপর্যায়ে মাজারের নারী ইবাদতখানার ছাদে উঠে সারজিস আলম স্লোগান দিতে থাকেন। তিনি ‘দিল্লি না সিলেট, সিলেট সিলেট’ ‘আজাদি না গোলামি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় অন্য নেতা-কর্মীরা তার সঙ্গে সুর মেলান।

এ ঘটনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সিলেটের বেশির ভাগ মানুষ বলছেন, মাজার প্রাঙ্গণে রাজনৈতিক স্লোগান ও এনসিপির দায়িত্বশীলদের মাজারের নারী ইবাদতখানার ছাদে ওঠা মাজার এলাকার আদব নষ্ট করেছে। পাশাপাশি মাজারের মতো পবিত্র স্থানে এ রকম উচ্ছৃঙ্খলতা ধর্মীয় সংযম ও র্দীঘদিনের পালন করা রাজনৈতিক শিষ্টাচারকে প্রশ্নবিদ্ধ করেছে।

এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। সব শ্রেণিপেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সিলেট জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে লেখেন, ‘সিলেটে একটি বেয়াদব চক্র পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। টোকাই-কিশোর গ্যাং ও ভাড়াটে উচ্ছৃঙ্খলদের ব্যবহার করে সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করার এই প্রবণতা এখনই কঠোরভাবে দমন করা জরুরি। এ ক্ষেত্রে সিলেটের সচেতন নাগরিক সমাজের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। দরগাহ মসজিদের পবিত্র প্রাঙ্গণ ও অভ্যন্তরে পরিকল্পিত স্লোগানে পরিবেশ উত্তপ্ত করা কোনো রাজনীতি বা শিষ্টাচারের পরিচয় হতে পারে না।’

এ বিষয়ে শাহজালাল মাজারের খাদিম পরিবারের সদস্য মো. নইমুল হোসেন বলেন, ‘হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। কিন্তু মাজার জিয়ারতের নামে এনসিপির নেতৃবৃন্দ যে আচরণ করলেন তা সুফি দরগার আদবের খেলাফ। নারী ইবাদতখানার ওপরে উঠে সারজিস আলমের স্লোগান ও তাদের এই আচরণে আমি ক্ষুব্ধ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা সিলেটের ইতিহাসের জঘন্যতম কাজ হলো।’

নাগরিক আন্দোলনের সংগঠক আবদুল করিম কিম ফেসবুকে লেখেন, ‘সুলতানুল বাঙাল হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। আজ (বুধবার) মধ্য রাতে মাজার জিয়ারতের নামে এনসিপির নেতৃবৃন্দ যে আচরণ করলেন তা সুফি দরগার আদবের খেলাফ। নারী ইবাদতখানার উপরে উঠে সারজিস আলম স্লোগান দিলেন, ‘দিল্লি না ঢাকা’। তাদের এই আচরণে আমি ক্ষুব্ধ।’

আবদুল করিম কিমের এই ফেসবুক স্ট্যাটাসে সংস্কৃতিকর্মী শামসুল বাসিত শেরো কমেন্ট করেন, ‘মাঝরাত নয়, তখনো তারাবি চলছিল, আমি ১২ রাকাত পর বেরিয়েছি। তখনো চিল্লাপাল্লা হচ্ছিল।’

একডোর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ বলেন, ‘আমাদের সিলেটের হজরত শাহজালালের মাজার শরিফ শুধু মুসলিম জনগোষ্ঠী নয়, এখানে বসবাসরত সব ধর্মীয় জনগোষ্ঠীর কাছে একটি পবিত্র জায়গা হিসেবে যুগ যুগ ধরে বিবেচিত হয়ে আসছে। সুতরাং এ পবিত্র জায়গায় এভাবে রাজনৈতিক স্লোগান দেওয়া কিছুতেই সমর্থনযোগ্য নয়। মাজারের পবিত্রতা রক্ষার জন্য মাজার এলাকায় এসব রাজনৈতিক স্লোগান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত।’

এ ব্যাপারে এনসিপি সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ বলেন, ‘মাজারে আমাদের দলের কোনো রাজনৈতিক স্লোগান দেওয়া হয়নি। এনসিপির কেন্দ্রীয় নেতাদের আসার খবর পেয়ে তরুণ প্রজন্মের অনেকে এসেছিলেন। তারাই আগে স্লোগান দেন হাদিকে নিয়ে। এখানে যা হয়েছে কোনো কিছুই উদ্দেশ্যমূলকভাবে করা হয়নি, যা হয়েছে মোমেন্টাম।’

মোমেন্টাম হলেও মাজারের নারী ইবাদতখানার ছাদে উঠে সারজিস আলমের স্লোগান দেওয়া ভুল ছিল কি না এই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, ‘এ ব্যাপারে সারজিস আলম তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। আমি তার কথার সঙ্গে একমত।’

এ ব্যাপারে মাজারের খাদেম সামুন মাহমুদ খান বলেন, ‘তারা যেটা করছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কাজ বিগত দিনে কোনো রাজনৈতিক দল।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com