জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ সবকিছু দলীয়করণ করা হয়েছিল। এ সরকারের একমাসও হয়নি কিন্তু সে প্রবণতা শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি।’
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দান এ ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এর বিচ্যুতি হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’
সরকারি দল শপথ নিয়ে প্রতিশ্রুতির সঙ্গে বেঈমানি করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হলেও তা নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জুলাই সনদের আদেশ অনুযায়ী আমরা শপথ নিয়েছি। সরকারি দল শপথ নিয়ে সবার আগে প্রতিশ্রুতির সঙ্গে বেঈমানি করছে এবং আদালতের ওপরে চাপ প্রয়োগ করছে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘মিডিয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে টার্গেট করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। সারাদেশে নানা পায়তারায় তারা একই প্রচেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধ, শেখ মুজিব ও ৭ মার্চের নামে ফ্যাসিবাদের পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই; তাদের বিচার এ বাংলার মাটিতে হবে।’
এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যা, ফরিদপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও শুরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব এবং জেলা আমির মাওলানা বদরুদ্দীন বক্তব্য রাখেন।












