ময়মনসিংহ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘অতি দ্রুত অবিলম্বে এই ফ্যাস্টিটের দোসর রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং গ্রেফতারের আওতায় আনতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস জিমনেসিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম রাষ্ট্রপতি প্রসঙ্গে আরও বলেন, ‘তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভূমিকা রেখেছিলেন।’
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘ভারত থেকে ধরে এনে হাসিনার ফাঁসির রায় কার্যকর যেন হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি।’
তিনি ৪৭,৭১, ৯০, ২৪-এর এবং ওসমান হাদীসহ সব শহীদদের জন্য ময়মনসিংহ বিভাগবাসীর কাছে দোয়া কামনা করেন। সেই সঙ্গে তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক ময়মনসিংহে বালুমহাল, বাসস্ট্যান্ডসহ সর্বক্ষেত্রে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে বলেন, ‘ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে– এ নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। এসব প্রতিহত করতে হবে।’
ইফতার মাহফিলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান মিলনসহ এনসিপি, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












