• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমি শ্রমিক, আমাদের নেতাও শ্রমিক’

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬ ৫:০০
আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬ ৫:০০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশে যোগ দিতে জুমার নামাজের পর নেতাকর্মীদের ঢল নেমেছে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছেন।

সমাবেশে অংশ নেওয়া কবির খান নামে একজন নেতা বলেন, এবারের মে দিবসের এই সমাবেশ শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবে। আমাদের নেতা তারেক রহমান এখানে উপস্থিত হবেন। তিনি আমাদের শ্রমিকদের দাবিগুলো বিষয়ে আলোচনা করবেন। আমরা সামনে থেকে শ্রমিক দিবস পালন করবো।

হুমায়ুন নামে আরেক নেতা বলেন, সকাল ১০টায় এসেছি। নেতাকে সামনে থেকে দেখার জন্য এসেছি। আমি শ্রমিক, আমাদের নেতাও শ্রমিক। আমরা নিজের জন্য কাজ করি, নেতা দেশের জন্য কাজ করেন।

সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মীর করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

বিএনপির কার্যালয়ের সামনে ইতোমধ্যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে।

আয়োজকেরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হওয়ায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

সমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেজন্যই এই সমাবেশের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম