জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেশের লাখো মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এ খাতকে টিকিয়ে রাখা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। পাশাপাশি ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানেও সরকার পাশে থাকবে।
শনিবার (৯ মে) রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন (আইসিবিসি) এক্সপো ২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ক্যাবল টেলিভিশন, সম্প্রচার ও টেলিযোগাযোগ খাত বর্তমানে একটি প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং নতুন যুগে প্রবেশ করেছে। স্মার্ট প্রযুক্তি, ফাইবার অপটিক নেটওয়ার্ক, আইপি টিভি এবং ডিজিটাল কনটেন্ট ব্যবস্থার বিস্তারের ফলে এই খাত এখন জাতীয় উন্নয়ন, কর্মসংস্থান এবং তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সরকার এই খাতের আধুনিকায়নে অবকাঠামো উন্নয়ন, নীতিগত সহায়তা প্রদান, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্যাবল অপারেটরদের দীর্ঘদিনের অবদান দেশের তথ্য ও বিনোদন খাতকে শক্তিশালী করেছে এবং ভবিষ্যতেও সরকার এ খাতের পাশে থাকবে।
ফকির মাহবুব আনাম প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা বজায় রাখা, গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মানসম্মত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং দেশীয় কনটেন্ট উৎপাদনকে উৎসাহিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত (৭ মে) শুরু হওয়া এই তিন দিনব্যাপী প্রযুক্তি মেলা শনিবার (৯ মে) শেষ হয়। মেলায় দেশি-বিদেশি মোট ৬৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং তারা ক্যাবল টিভি, ব্রডকাস্টিং ও কমিউনিকেশন প্রযুক্তির সর্বাধুনিক সেবা ও উদ্ভাবন প্রদর্শন করে।
ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, অ্যাসোসিয়েশন অব টেলিকম অ্যান্ড আইটি কমিউনিকেশন অপারেটরস অব বাংলাদেশ (এটকো)-এর সাধারণ সম্পাদক এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামসহ কোয়াবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ফকির মাহবুব আনাম মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ও সেবা সম্পর্কে খোঁজখবর নেন।












