চাঁদপুর প্রতিনিধি
ছবি :সংগৃহীত
চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমনকে ঘিরে কুমিল্লা-চাঁদপুর সড়কের দুই পাশে তৈরি হয় আবেগঘন এক পরিবেশ।
দীর্ঘ সময় ধরে অপেক্ষা। ব্যানার-ফেস্টুন আর স্লোগানের ভিড়ে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, অনেকের কাছে এটি পরিণত হয় স্মৃতিচারণের এক উপলক্ষে। সড়কের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা প্রবীণদের কথায় বারবার উঠে আসে অতীতের রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতি।
তাদের অনেকেই বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নানা কর্মসূচি, ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের টেনে এনেছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খামপাড় এলাকা থেকে আসা ৬৮ বছর বয়সী আনোয়ার উল্যাহ ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসেন তারেক রহমানকে একনজর দেখার জন্য। তিনি বলেন, একসময় ঢাকায় জিয়াউর রহমানকে কাছ থেকে দেখেছি। তারেক রহমানের মাঝে আমি জিয়াকে খুঁজে পাই।
টামটা দক্ষিণ ইউনিয়নেরর আ. মালেক এসেছেন খুব সকালে। উদ্দেশ্য তারেক রহমানকে দেখবেন। তিনি জানান, তারেক রহমান তার কাছে ছোট জিয়া।
একই ইউনিয়নের ধোপল্লা গ্রামের সিরাজুল ইসলাম জানান, তিনি চট্টগ্রামে জিয়াকে দেখেছিলেন। দেশের বিভিন্ন এলাকায় খাল খননের ভিডিও টিভিতে দেখে মনে হয় প্রেসিডেন্ট জিয়া ফিরে এসেছেন।
টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এইচ এম বদিউজ্জামান শৈশবের স্মৃতি তুলে ধরে বলেন, স্কুলজীবনে তিনি জিয়াউর রহমানের বিভিন্ন কর্মসূচি দেখেছেন। সেসময় জিয়াউর রহমান তাকে কোলে তুলে নেন। সেই স্মৃতি আজও তাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি বলেন, তারেক রহমানের আচরণ, চিন্তাধারা ও নেতৃত্বে আমি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি।
সারাদিন জুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের মুখে মুখে ঘুরতে থাকে একই অনুভূতি। অতীতের স্মৃতি আর বর্তমানের নেতৃত্বে একই আদর্শের ধারাবাহিকতা খুঁজে পান প্রবীণরা।












