• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সব বাহিনীকে রাষ্ট্রের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:০৩
আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:০৩

সব বাহিনীকে রাষ্ট্রের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সরকারি সব বাহিনীকে রাষ্ট্রের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের যারা আশ্রয় দিয়েছেন, যারা প্রশ্রয় দিয়েছেন এবং যেখানে তারা লুকিয়ে আছে, তাদের সবার মূল উপড়ে ফেলা হবে। রাষ্ট্রের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই সরকারের অঙ্গ। সরকারের পক্ষে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে কাজ করতে হবে।’

রবিবার (৩১ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, চট্টগ্রামের সব উপজেলা সন্ত্রাসমুক্ত করা হবে। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, বোয়ালখালী, পটিয়াসহ কোনো উপজেলাতেই সন্ত্রাস থাকবে না। এসব উপজেলা কি রাষ্ট্রের বাইরে? এসব উপজেলা নিয়েও একটি পরিকল্পনা করা হচ্ছে।

জঙ্গল সলিমপুর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী থাকবে না। সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে চেয়েছিল, সে কারণেই তিনি আজ চট্টগ্রামে এসেছেন। সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে। সরকারি বাহিনীকে চ্যালেঞ্জ করার খুঁটির জোর কোথায়, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের মূল উপড়ে ফেলা হবে। সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও খুঁজে বের করা হবে।

এর আগে চার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে অভিযান চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘র‌্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ উড়োজাহাজ ব্যবহার করে অভিযান চালানো হয়েছে। সরকারি সব বাহিনীকে ব্যবহার করা হয়েছে। সব বাহিনীই রাষ্ট্রের কল্যাণে কাজ করছে, জনগণের কল্যাণ ও নিরাপত্তার জন্য কাজ করছে। আমরা সবাই এক।’

এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, এলজিইডির প্রকৌশলীসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com