পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
ক্ষমতার চেয়ে জনতা বড় এবং মানুষের কল্যাণ ও জনগণের সেবা করার জন্যই আমাদের রাজনীতি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা ‘শামসুল হক ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্বাসন প্রক্রিয়ার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, ‘যারা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, তাদের প্রত্যেককে দ্রুত সরকারি ও বেসরকারি সহযোগিতার আওতায় আনা হবে। দুর্গত এলাকার একজন মানুষও যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।’
নেতৃত্বের মূল দর্শন ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন, যার মূল কথাই হলো ‘সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা’। আমাদের কাছে ক্ষমতা বড় কথা নয়, আমরা জনগণের কল্যাণে দায়িত্বপ্রাপ্ত। তাই জনগণের যেকোনো দুর্ভোগের সময় আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের চিরন্তন অঙ্গীকার।’
সরকারের উন্নয়ন ও কল্যাণমুখী বাজেটের কথা উল্লেখ করে মন্ত্রী উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, তিনি দরিদ্রবান্ধব একটি সুন্দর বাজেট দিয়েছেন। আমরা যেন সবসময় জনগণের পাশে থেকে সততার সঙ্গে কাজ করতে পারি, সেজন্য আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।
দিনব্যাপী কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পেকুয়া ও মাতামুহুরি অঞ্চলের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিবেন।
এসময় উপস্থিত ছিলেন আবু সুফিয়ান এমপি উপজেলা বিএনপি’র সভাপতি চেয়ারম্যান এম বাদুর শাহ, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সহ প্রশাসন ও বিএনপির সহযোগীসংগঠনের নেতা কর্মীরা।
শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পেকুয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঘর নিমার্ণ ও গৃহস্থালি উপকরণ হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।












