জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (৬ আগস্ট)। মাহবুব আলী খান হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা।
আজ থেকে ৪২ বছর আগে এই দিনটিতে তিনি মানবকল্যাণে তার জীবন উৎসর্গ করেন। ৪২ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তার জীবন উৎসর্গ করেন।
কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তার অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তার অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিনটি উপলক্ষে সকালে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, পবিত্র কুরআন খতম এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তার প্রিয় কর্মস্থল নৌ সদর দপ্তরের পাশে। সকালে তার সমাধিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ যোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে প্রয়াত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দিনটি উপলক্ষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে কুরআন খতম, কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ীদের দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন। এছাড়া ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’-তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান এটি প্রতিষ্ঠা করেন।
এছাড়াও ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে। বাউনিয়াবাদে জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা, ভাষানটেক ক্যান্টনমেন্ট জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানা, সনমানদি খানবাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঢাকায় বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হবে। তাছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদরাসায় পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে। এছাড়া জামেয়া ইসলামিয়া এবং মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদরাসায় দোয়ার আয়োজন করা হয়েছে।
আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহ পরান (রা.) দরগাহ মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে।













