রংপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
রংপুরের ৬ টি আসন জান্নাতের টিকিটধারীদের কাছে গেছে যারা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। তাদের সাংগঠনিক দক্ষতা ও সক্ষমতা দেখলে বিস্মিত হতে হয় বলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।।
শনিবার (১৪ আগস্ট) রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি’র সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে যোগ্য সদস্য ও চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। দলের সাংগঠনিক দুর্বলতাগুলো চিহ্নিত করে তা কাটিয়ে উঠতে হবে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের মৌলিক চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। তখন কাউকে ‘আমরা চাল পাইনি’—এ ধরনের অভিযোগ করতে হবে না।
সাকিলা ফারজানা বলেন, ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই যুদ্ধ সফল করেছে জুলাইযোদ্ধাদেরা। তাদেরকে ভুলে গেলে চলবে না সম্মান করতে হবে। তাদের কাছেও অনুরোধ আমাদেরকেও সম্মান করতে হবে।
তিনি বলেন, বদরগঞ্জে বাইপাস সড়ক নির্মাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। ফুটওভার ব্রিজের দরকার। শ্যমপুর সুগার মিলের চাষীদের নিয়ে কাজ করবো। এ সময় উপজেলা বিএনপি’র সকলকে নিয়ে অর্থমন্ত্রীর সাথে দেখা করে বন্ধ চিনিকল চালুর ব্যাপারে আশ্বাস দেন তিনি। সেই সাথে মহিলা কলেজকে ৩ মাসের মধ্যে সরকারি করে দেওয়ার আশ্বাস দেন এই সংসদ সদস্য।
বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হকের সঞ্চালনায় রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য কাজী খয়রাত হোসেন, রংপুর জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির মানিক, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোকসেদুল হক, বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা বেগম মিষ্টি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুদুজ্জামান সরকার নিপুল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওবায়েদুল হক বাদল।
পরে বিকেল পাঁচটায় পৌর বিএনপি’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সেলিম লোহানি কমল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল সহ প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা।












