আন্তর্জাতিক ডেস্ক
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১৩ জন। নিরাপত্তার কারণে প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার সকালে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর প্রায় ৩৪১টি আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন এলাকায় ভূমিধস ও সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ৩৬ জনের অবস্থা গুরুতর। বাকি ৭৭ জন সামান্য আহত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি সিক্কায় ৩ হাজার ৩০০-এর বেশি মানুষ নিজেদের উদ্যোগে নিরাপদ স্থানে চলে গেছেন।
বাড়িঘরে ফেরার ঝুঁকি থাকায় অনেক বাসিন্দা বারান্দা, খোলা জায়গা ও ত্রিপলের তৈরি অস্থায়ী তাঁবুতে রাত কাটাচ্ছেন। মাউমেরে শহরে হাসপাতালের বাইরেও তাঁবু স্থাপন করে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভূমিকম্পে ১ হাজার ৩০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারে ৩ হাজার ৫০০-এর বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেরটামিনার ২০টি পেট্রোল স্টেশনও বন্ধ রয়েছে।












