জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতাকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এ ধরনের তথ্যের ভিত্তিতে আপাতত কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না সরকার।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনও প্রতিবেদনটি পড়েননি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, তা অনুমাননির্ভর।
তিনি বলেন, ‘সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।’
মন্ত্রী আরও বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন। বিশেষ করে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমানের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।
এদিকে সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিবেদনে থাকা বিভিন্ন সুপারিশ নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।












