জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৩৬ জুলাইয়ে তরুণরা আন্দোলনে শক্তি ও সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম রাজ্জাকের পুত্র ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা যে সাহস দেখাতে পারিনি, ৩৬ জুলাইয়ে সেই সাহস দেখিয়েছে তরুণরা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি। বাংলাদেশের আন্দোলন সংগ্রামে তরুণদের বিরাট ত্যাগ রয়েছে। তাদের অবদানে এই দেশ এগিয়ে যাবে।
শহিদ নাসিব হাসান রিয়ানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘ছেলেটির এই অকাল শাহাদাৎ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তার পিতামাতা তাদের সন্তানকে হারিয়েছেন। এই শোক প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই। সেই সঙ্গে এই অবস্থায় পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা হতে পারে না, যে পিতামাতা তাদের সন্তানের মরদেহ নিজেদের কাঁধে বহন করছেন।’












