• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়: ইয়াও ওয়েন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১০:২৬
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১০:২৬

 

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জন্য এখনই নবায়নযোগ্য জ্বালানি বা সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ব্যাপক জ্বালানি সংকটের মুখোমুখি। এ পরিস্থিতিতে জ্বালানি ও সৌরশক্তি নিয়ে চীন কাজ করছে।

মন্ত্রীর সঙ্গে বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ইয়াও ওয়েন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের জন্য এখনই নবায়নযোগ্য জ্বালানি বা সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসা সম্ভব।

জ্বালানি সরবরাহের ঘাটতি মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট কাটিয়ে উঠতে চীনের সহযোগিতা কাজে লাগানো যেতে পারে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতেও চীনের সক্ষমতা ব্যবহারের সুযোগ রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন ইয়াও ওয়েন। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বর্তমানে একটি ‘ঐতিহাসিক সুযোগ’ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে।

ইয়াও ওয়েন বলেন, দুই দেশ যৌথ ইশতেহারের মাধ্যমে নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ নিয়ে চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের আওতায় অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নেওয়া হচ্ছে।

চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর গত দুই মাসে চট্টগ্রামে চীন-বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজের উদ্বোধন হয়েছে। পাশাপাশি মোংলা বন্দর প্রকল্পের কাজও এগিয়ে চলছে। এ ছাড়া তিস্তা নদী প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা নিয়েও বাংলাদেশের সঙ্গে চীন কাজ করছে বলে জানান তিনি।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণ এবং এক হাজার শয্যার হাসপাতাল প্রকল্পও এগিয়ে চলছে। একই সঙ্গে চীন অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শিক্ষা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম