• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাঁচ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য: প্রতিমন্ত্রী নুর

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:৫৮
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:৫৮

965987

পাঁচ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য: প্রতিমন্ত্রী নুর

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

পাঁচ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় সরকার। আন্তর্জাতিক শ্রমবাজারে চাহিদা রয়েছে এমন খাতে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য শিক্ষাব্যবস্থার পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলাম মূল্যায়নের কাজ চলছে।’

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি কলেজের ডিগ্রি হোস্টেল পরিদর্শন করেন। পরে কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।

নুরুল হক নুর বলেন, ‘প্রতিবছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।’

তিনি বলেন, ‘বিদেশে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং প্রবাসী কর্মীদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে।’

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘গতানুগতিক ও শুধু সনদনির্ভর শিক্ষা দিয়ে বর্তমান শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা সম্ভব নয়। শ্রমবাজারে যে ধরনের দক্ষতার চাহিদা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলাম মূল্যায়নের কাজ চলছে। পাশাপাশি সরকার ভোকেশনাল শিক্ষার ওপর জোর দিচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ করতে সাইবার আইন দ্রুত সংশোধন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। অনলাইন ও অফলাইন জুয়া বন্ধেও আইন সংশোধন করা হয়েছে। এ ছাড়া মানবাধিকার ও গুমসংক্রান্ত আইন সংসদে পাস হয়েছে। জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে।’

পরে ছাত্র অধিকার পরিষদের বিএম কলেজ শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদের বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক কে এম মাঈনুল হক। এতে কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলামসহ ছাত্র অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com