শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭৮ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রমনা পার্কে রাজনৈতিক দলটি গঠন করেছিলেন। পরবর্তীতে তার মৃত্যুর পর দলের দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ক্ষমতায় ফিরে নতুন বাস্তবতায় বিএনপি
দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা ও রাজপথের নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসে বিএনপি। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে দেশজুড়ে ব্যাপক ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ আরও সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে মুনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া দিবসটি উদযাপনে দেশব্যাপী মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ অভিযানসহ নানা সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা হবে।












