ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন। আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ বাধা দেবে না। যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতনীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে আপনাদের এই আনন্দ উৎসব, যে ভক্তি-শ্রদ্ধা, ধর্মের প্রতি যে আস্থা বিশ্বাস সেই জায়গায় আমি আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করি। সব ধর্মের মানুষ নির্বিঘ্নে-নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে এখন। আমরা চাই এই পরিবেশ বজায় থাকুক।’
মন্ত্রী বলেন, ‘পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশে শ্রীকৃষ্ণের জন্ম হয়। সব অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা শ্রীকৃষ্ণের মূল লক্ষ্য ছিল। আমরা বিশ্বাস করি, যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করব আপনারা আমাদের পাশে থাকবেন।’
জন্মাষ্টমীর আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত র্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।












