নরসিংদী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে সরকারে এসেছে, কোনো ভুয়া ভোটে নয়। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে।
তিনি বলেন, দেশে গুটিকয়েক লোক মিথ্যা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে মিথ্যাচার করবে, তা হতে দেওয়া যাবে না। যারা আইনের অপব্যবহার করবে, তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশ উপজেলা পরিষদের হলরুমে ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা, সম্প্রতি মৃত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা এবং ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আবদুল মঈন খান বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নকে মুখ্য বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে গ্রামের নারীদের জন্য বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। ইনশাআল্লাহ, আগামী কয়েক মাসের মধ্যে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি যা যা বলেছে, তা বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি যা বলা হয়নি, জনগণের স্বার্থে সেসবও বাস্তবায়ন করছে বর্তমান সরকার। বিএনপি উন্নয়নের সরকার, জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই বিএনপি রাজনীতি করে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক এবং পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা।













