এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবুল্লাহ শেখ (২৩) ওরফে নাসিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এশিয়ান হাইওয়ের সড়কে (ঢাকা বাইপাস) চেঙ্গাইন এলাকায় অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির প্রায় ৩০০ মিটার দক্ষিণে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
নিহত হাবিবুল্লাহ শেখ নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার মোশারফ হোসেন ও নাজমা বেগমের ছেলে।
তিনি আগেরদিন থেকে নিখোঁজ ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সেলিম হোসেন বলেন, তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মামুন সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ডিউটি পালনকালে ওই যুবকের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক এইচ এম জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় নিহতের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
পুলিশ জানায়, মরদেহের পকেট থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার ছোট বোন মিলি আক্তার মরদেহটি শনাক্ত করেন।
নিহতের ভাগিনা সিফাত জানান, হাবিবুল্লাহ শহরের দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।













