শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে হামলা, হত্যাচেষ্টা ও চুরির মামলায় নুরুল আলম (৩৮) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফেনীর ছাগলনাইয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে শুক্রবার (২ অক্টোবর) সকালে তাকে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৯-এ সোপর্দ করে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ।
গ্রেপ্তার নুরুল আলম উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জোরারগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩ জুলাই রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাটাছড়া ইউনিয়নের দক্ষিণ বামনসুন্দর এলাকার দারোগারহাট বাজারের দক্ষিণ পাশে আলীশান ক্লাবের সামনে নাজিম উদ্দীন নামে এক ব্যক্তির মোটরসাইকেলের গতিরোধ করে নুরুল আলমসহ কয়েকজন হামলা চালান বলে অভিযোগ করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা নাজিমকে এলোপাতাড়ি মারধর করেন।
এ সময় তার মাথায় কুড়ালের কোপে গুরুতর জখম হয় এবং মাথায় ১৭টি সেলাই দিতে হয়। এছাড়া হকিস্টিক দিয়ে পায়ে আঘাত করে হাড়ভাঙা জখম করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে আরো বলা হয়, হামলাকারীরা নাজিমের প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল ও পকেটে থাকা ৮ হাজার টাকা নিয়ে যান।
পাশাপাশি মামলা করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, মামলার তদন্তে নুরুল আলমের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে যারাই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরো বলেন, নুরুল আলমের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় এর আগে চুরি, হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর, হুমকি, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে আরো চারটি মামলা রয়েছে।
আ/আ













