শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কোতোয়ালি থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিলের সময় ১২ জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে সিআরবি এলাকা থেকে তাদের আটক করা হয়।
এই সময় একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জুমার নামাজের পর মাইক্রোবাস ও মোটরসাইকেল করে সিআরবি এলাকায় আসেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর তারা মিছিল শুরু করেন। মিছিলটি শুরু করলে পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া দেয়।
এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। আটক নেতাকর্মীরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির কালের কণ্ঠকে বলেন, চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে হাইস ও মোটরসাইকেল করে এসে সিআরবি এলাকায় আসে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
সেখানে মিছিল করার চেষ্টা করলে ১২ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে। পরে যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে একটি হাইস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আ/আ













