শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দরে মালবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ফার্নিচার দোকানে ঢুকে একজন নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে ১০টায় উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফার্নিচারের দোকানে ঢুকে পড়লে দোকানে থাকা ব্যক্তি ও আশপাশের লোকজন নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের নিহত ও চারজন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আ/আ













