সিরাজগঞ্জ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন মিলে জায়গাটি দখল করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন জমির মালিক হাবিবুর রহমান।
শনিবার বিকেলে উল্লাপাড়া থানা মসজিদের পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যদিও অভিযুক্ত যুবদল নেতার দাবি, পৌরসভা থেকে ‘মৌখিক অনুমতি’ নিয়ে তিনি সরকারি জায়গায় দলীয় কার্যালয় বানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাবিবুর রহমান অভিযোগ করেন, ‘উল্লাপাড়া থানা মসজিদের গেটের দক্ষিণ পাশে আমাদের নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করা আছে। আমরা সেখানে বাসা ও দোকান ভাড়া দিয়েছি।
এ ছাড়া ভবনের পাশে টিনের গোডাউন আছে। গত ১ অক্টোবর বেলা ১১টার দিকে উল্লাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ২০ থেকে ৩০ জন বিএনপির কর্মীকে সঙ্গে নিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন। এরপর টিনগুলো সেখান থেকে নিয়ে যান। আমার ভাতিজা নাজমুল হাসান শরিফ বাধা দিলে তাকে মারধর করা হয়। এরপর থেকে তারা আমাদের হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় আমরা উল্লাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, ‘জায়গাটি সরকারি, তাই পৌরসভা থেকে মৌখিক অনুমতি নিয়ে ঘর তুলছি। আপনারা পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন।’
তবে ভিন্ন তথ্য দিয়েছেন উল্লাপাড়া পৌরসভার সচিব আশরাফুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, ‘সরকারি খাস সম্পত্তির দেখভাল করার ও অনুমতি দেওয়ার দায়িত্ব উপজেলার এসি ল্যান্ডের। এগুলোর অনুমতি দেওয়ার দায়িত্ব আমাদের না। এ বিষয়ে আমরা মৌখিক অনুমতি দেওয়ার কেউ না।’
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জায়গায় কার্যালয় করার সুযোগ নেই।’













