• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠক

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:৪৬
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:৪৬

শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠক

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শ্রমজীবী মানুষ এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি। বৈঠকে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়ে প্রতিনিধিরা তাদের মতামত, প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেছেন। তাদের উত্থাপিত প্রস্তাবগুলো কমিটির প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ৫ম এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান, সাকিলা ফারজানা এবং মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ ও মাধবী মারমা বৈঠকে অংশ নেন।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শ্রমজীবী মানুষ এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা সংবিধান সংশোধনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরেন। তবে তাঁদের নির্দিষ্ট কোন দাবি বা কোন অনুচ্ছেদ কীভাবে সংশোধন করতে হবে—সে বিষয়ে বৈঠকের পর বিস্তারিত জানানো হয়নি।

কমিটির পক্ষ থেকে বলা হয়, বৈঠকে উত্থাপিত প্রস্তাবের পাশাপাশি আলোচনার বাইরে সংশ্লিষ্টদের কোনো লিখিত প্রস্তাব থাকলে তা কমিটির কাছে পাঠানো যাবে। বৈঠকে উত্থাপিত এবং লিখিতভাবে পাওয়া সব প্রস্তাব কমিটির প্রস্তুত করা প্রতিবেদনে উল্লেখ করা হবে।

কমিটি জানিয়েছে, সংবিধান সংশোধনের বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে। এর ধারাবাহিকতায় নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের পরবর্তী বৈঠকগুলোতে আমন্ত্রণ জানানো হবে।

উল্লেখ্য, সংবিধান সংশোধনের লক্ষ্যে গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। বিভিন্ন অংশীজনের মতামত পর্যালোচনা করে সংবিধানের কোথায় কী ধরনের পরিবর্তন প্রয়োজন, সে বিষয়ে সুপারিশ করবে কমিটি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com