শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির নোট অব ডিসেন্টসহ সনদে যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা অঙ্গীকার, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।’
তিনি বলেন, ‘কেউ এখন যদি দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য; সে জায়গায় আমরা নাই। ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে দিয়েছে, সবাই স্বাক্ষর করেছে। এটা জাতীয় একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবে বাস্তবায়ন করবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলেই সংবিধান সংশোধনের অন্য বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। তাই সংবিধান সংশোধনের ক্ষেত্রে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে।
তিনি বলেন, ‘আরও অনেক বিষয় আছে এখানে সংশোধনের মধ্যে আনতে হবে। আমাদের নির্বাচনি ইশতেহারের মধ্যে আছে, বিভিন্ন জনতার মধ্যে আছে। আমাদের আরও কিছু বক্তব্য হয়তো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আসতে পারে। সেগুলো আমরা ধারণ করে একটা বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্য রিপোর্টটা প্রদান করবো।’
এদিকে বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করে কমিটি। এতে শহীদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মোট ৬৩ জন অংশ নেন।
শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়েছেন বলে জানান কমিটির সভাপতি। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় ধারণ করার প্রস্তাবও এসেছে।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য আইন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের জন্য সাংবিধানিক সুরক্ষাও সংবিধানের নির্দিষ্ট জায়গায় ধারণ করা হবে।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত করার দাবিও এসেছে বলে জানান তিনি। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।












