ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
নারী ক্রিকেটে বড় ধরনের এক পুনর্গঠন ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে কোচিং স্টাফেও এসেছে রদবদল। সরোয়ার ইমরানের জায়গায় প্রধান কোচের দায়িত্বে ফিরেছেন ডেভিড হেম্প। আর তার নতুন মেয়াদে শুরুতেই এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।ইতিহাস পড়ুন
আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে অজিদের মুখোমুখি হবে জ্যোতি-বাহিনী।
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি কন্ডিশনে দলের প্রস্তুতি নিয়ে ইতিবাচক কোচ ডেভিড হেম্প। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। অনুশীলনের উইকেটগুলোও খুব ভালো ছিল। ঘরের মাঠের তুলনায় এখানকার উইকেটে গতি ও বাউন্স কিছুটা বেশি, যা মেয়েদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।’
তবে প্রতিকূল ও অপরিচিত পরিবেশের সঙ্গে ক্রিকেটাররা দারুণভাবে মানিয়ে নিচ্ছেন বলে জানান হেম্প, ‘মেয়েরা সত্যিই নিজেদের সেরাটা দিয়ে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছে। নতুন কন্ডিশন হিসেবে এর চেয়ে বেশি আর কিছু চাওয়ার থাকে না। গত চার-পাঁচ দিনের প্রস্তুতি খুবই ভালো হয়েছে।’
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও টি-টুয়েন্টি সংস্করণের সবকটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটির বিপক্ষে লড়াইটা মোটেও সহজ হবে না-তা ভালো করেই জানেন নতুন কোচ।
হেম্প বলেন, ‘আমরা যে বিশ্বের সেরা নারী দলের বিপক্ষে খেলছি, সেটা অস্বীকার করার উপায় নেই। তারা উভয় সংস্করণেই এক নম্বর দল। তাই মূল চ্যালেঞ্জটা হবে মানসিকভাবে নিজেদের তৈরি রাখা। তবে আমার চাওয়া হলো পুরো ম্যাচজুড়ে যেন দলের মনোভাব ইতিবাচক থাকে।’
অস্ট্রেলিয়া সফর শেষে দলের কাছ থেকে কোনো অজুহাত বা আফসোস দেখতে চান না ডেভিড হেম্প। নিজের প্রত্যাশার ব্যাখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমরা চাই না সিরিজ শেষ করে বাংলাদেশে ফিরে মেয়েরা বলুক-‘ইশ্, আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে চেষ্টা করতাম!’ খেলার ধরন, চিন্তা-ভাবনা এবং ম্যাচ কেন্দ্রিক মনস্তত্ব-সবক্ষেত্রেই ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। তা করতে পারলে আমরা ইতিবাচক পথেই সামনে এগিয়ে যেতে পারব।’













