মাদারীপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে আগামী ২২ দিন নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে মা ইলিশ রক্ষায় জেলেদের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতাসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীসংলগ্ন মাদবরচর ইউনিয়নের কাওরাকান্দি এলাকার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আয়োজিত সচেতনতা সভা ও জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পদ্মাপাড়ের ১৫১টি জেলে পরিবারের মধ্যে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘একটি ছোট ইলিশ যদি ডিম ছাড়ার সুযোগ পায়, তা থেকে প্রায় ২ লাখ ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা থাকে। আর বড় ইলিশ থেকে ২০ লাখেরও বেশি ডিম পাওয়া সম্ভব।’
জেলেদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানের ২২ দিন সরকারিভাবে জনপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এই সময় কিছুটা কষ্ট হলেও পরবর্তী সময়ে নদীর ইলিশ আপনারাই ধরবেন। তাই জেলে সম্প্রদায়ের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কেউ এই সময়ে নদীতে জাল ফেলবেন না।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সব দিক থেকে দেশকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করতে চান। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক।
মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্যসচিব সোহেল রানাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।












