সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে গোলাগুলির ঘটনা ঘটলেও অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চালানো এ অভিযানে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাসেল (৩০), মোরশেদ (২৮), বাবু (২৫) ও সাব্বির (৩২)।
পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি ও অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পুলিশ সদস্যরা পাহাড়ের ভেতরে প্রবেশ করলে সন্ত্রাসীরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানান, সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। পরে সুনির্দিষ্ট অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয়রা জানান, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে জমি দখল, পাহাড় কাটা, প্লট বাণিজ্য ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা চলছে। বিশেষ করে আলীনগর ও আশপাশের এলাকায় সংঘাত এবং অস্ত্রের মহড়ার কারণে চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর পেছনে স্থানীয়ভাবে পরিচিত ‘ইয়াছিন বাহিনী’সহ একাধিক গোষ্ঠীর ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে।













