শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা এবং সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের বিষয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আনিস মাত্তার সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও ঢাকা সফররত ইন্দোনেশিয়ার উপমন্ত্রীর মধ্যে এ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করে শামা ওবায়েদ দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে দেশটির আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানান।
দুদেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইন্দোনেশিয়ার উপমন্ত্রী প্রচলিত ব্যবসায়িক সম্পর্কের বাইরে দুদেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ খোঁজার আহ্বান জানান। বিশেষ করে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।












