নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
দুর্গাপূজা কেবল আনন্দ-উৎসব নয়, বরং সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নির্যাতিত মানুষের পাশে থাকার শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, পূজার এই শিক্ষাকে ধারণ করতে পারলেই উৎসবের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
পরে মন্ত্রী নগরীর মিশন পাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন ও পূজার সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।
এসময় মন্ত্রী নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে হবে এবং সবাইকে মিলেমিশে শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এড.আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও ব্যবসায়ী প্রবীর সাহাসহ স্থানীয় ব্যক্তিরা।












