স্পোর্টস ডেস্ক
সংগৃহীত ছবি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আজ দুপুরে ঢাকায় পৌঁছেছেন। ভুটান সফরে যাওয়ার পথে যাত্রাবিরতির জন্য তিনি ঢাকায় এসেছেন। তবে এটি কোনো আনুষ্ঠানিক সফর নয়। অল্প সময় ঢাকায় অবস্থান করে তাঁর ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইনফান্তিনো। পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন তিনি। সেখানে ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের অন্য সহসভাপতিরা।
ইনফান্তিনোর সম্ভাব্য আগমন ঘিরে গতকাল থেকেই ব্যস্ত সময় পার করেছে বাফুফে। তবে তাঁর ঢাকায় আসার বিষয়টি নিয়ে তখনও অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত আজ ঢাকায় পৌঁছান ফিফা সভাপতি।
মরক্কো থেকে ঢাকায় এসেছেন ইনফান্তিনো। তাঁর গন্তব্য ভুটানের রাজধানী থিম্পু। মরক্কো থেকে থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় যাত্রাবিরতি করতে হয়েছে তাঁকে। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তাঁর ভুটানগামী বিমানে ওঠার কথা রয়েছে।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে এসেছিলেন ফিফা সভাপতি। সে সময় তিনি বাফুফে কার্যালয়েও গিয়েছিলেন।













