শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভালো কাজের জন্য অর্থ বা সামর্থ্যের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইচ্ছা। জীবনের শেষ দিন পর্যন্ত অন্তত একজন মানুষের মুখে হাসি ফোটানোকে লক্ষ্য হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ থাকলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে।সরকারি আদেশ দেখুন
সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করার কথা উল্লেখ করে তিনি সমাজের উন্নয়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেছেন, ভালো কাজ করার ক্ষেত্রে অর্থ বা সামর্থ্যই সবকিছু নয়; বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সদিচ্ছা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যের মধ্যে মানুষের জন্য কিছু করার প্রবল ইচ্ছা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। সুস্থ ও সবল থাকা পর্যন্ত অন্তত একজন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে মানুষের কল্যাণে কাজ করে আসছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দীর্ঘ ২৭ বছরের পথচলায় সংগঠনটির সদস্যরা শিক্ষা, কৃষি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করেছেন বলে জানান প্রধানমন্ত্রী।
ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, রাজনীতির বাইরেও মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ১৯৯৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মতপ্রকাশের অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি কৃষি, শিল্প, শিক্ষা, নারীর স্বাবলম্বিতা এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিয়েছিলেন। ফাউন্ডেশনটি নিজস্ব অবস্থান থেকে এসব ক্ষেত্রে তাঁর উদ্যোগ ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার।













