বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দীর্ঘদিনের সংসার ভেঙে যাচ্ছে– এমন গুঞ্জনে কয়েক দিন ধরেই মুখরিত সোশ্যাল মিডিয়া। তবে এই গুঞ্জনটি সোশ্যাল মিডিয়ার পাতা পেরিয়ে সংবাদমাধ্যমের পাতায় উঠে এসেছে। কেউ কেউ দাবি করছে, ফারুকী ও তিশা দুজনে আলাদা থাকছেন। বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন ফারুকী ও তিশা। তবে আর চুপ থাকা নয়, এবার বিষয়টি সম্পর্কে গণমাধ্যমে মুখ খুলেছেন ফারুকী। তিনি এই খবরকে গুঞ্জন হিসেবেই অভিহিত করেছেন।
ফারুকী বলেন, ‘তিশাও নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে আলোচনায় ব্যস্ত রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। আসলে মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। আর এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। গত ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে গিয়েছিলেন তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন। বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন। ১৭ অক্টোবর দেশে ফিরে শুরু করেন নতুন বিজ্ঞাপনের কাজ।
ফারুকী জানান, বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবাবিষয়ক, অন্য দুটি নির্মাণসামগ্রী নিয়ে। একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়। বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি নতুন সিনেমার চিত্রনাট্য নিয়েও কাজ করছেন এই নির্মাতা। একটি সিনেমার গল্প লেখা শেষ করে আরেকটি গল্পের কাজ শুরু করেছেন তিনি।
নতুন সিনেমা প্রসঙ্গে ফারুকী বলেন, “ফিল্মের স্ক্রিপ্ট লিখছি। একটা নতুন দিনের প্রেমের গল্প অথবা বলা যায় প্রেম আর বন্ধুত্বের বাইরে যে নো ম্যানস ল্যান্ড থাকে, সেটার গল্প। অথবা সেটাও প্রেমই। প্রেমের বর্ধিত মানচিত্রের গল্প। আপাতত নাম রেখেছি ‘টু হেল, উইথ লাভ’।”
অন্যদিকে, গুঞ্জনের মধ্যে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক। তিশার সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি তিনি।













