শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। এতদিন তিনি চসিকের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন উপসচিব জুয়েল রানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসক হিসেবে থাকবেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতাও পাবেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের পর ওই বছরের ১ অক্টোবর আদালত তাকে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন। পরে ৮ অক্টোবর তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।












