ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম ১৮৫টি কেন্দ্রে বিতরণ শুরু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ কার্যক্রম শুরু করে জেলা নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি ছেড়ে দেওয়ার কারণে আগামীকাল ২৯ অক্টোবর এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে পাঁচটি রাজনৈতিক দলের মনোনীত পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফয়সল আমীন। অন্যদিকে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে মোট ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
আগামীকাল ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট।












